আওয়ামী লীগ যে ‘ফ্যাসিবাদী’ শাসনধারা রেখে গেছে, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ব্যাংকিং খাতে হস্তক্ষেপ, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তনের চেষ্টা এবং নির্দিষ্ট গোষ্ঠীর পছন্দ অনুযায়ী নিয়োগ—সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ইসলামি ব্যাংকের শেয়ার জোরপূর্বক দখল করা হয়েছে এবং সেগুলো যে মূল্যে নেওয়া হয়েছিল, সেই মূল্যে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার দাবি জানায় জামায়াত। একইসঙ্গে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তনের উদ্যোগের তীব্র সমালোচনা করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যাংক রেজল্যুশন আইন, ব্যাংক একীভূতকরণসহ বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকিং খাতে নতুন করে অস্থিরতা তৈরি করা হচ্ছে। অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বিপুল অর্থ তুলে দেওয়া হয়েছে এবং অর্থপাচারের সুযোগ তৈরি হয়েছিল বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বাজেট প্রক্রিয়া নিয়েও সমালোচনা করে বলেন, বিরোধী দলের প্রস্তাব ও সংশোধনী গ্রহণ না করা হলে দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত এবং কর্মসংস্থান গুরুতর সংকটে পড়বে।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচিও ঘোষণা করে জামায়াতে ইসলামী।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
১. ২ থেকে ৯ জুলাই রাজধানীতে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া
২. ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকায় আলোচনা সভা
৩. ১৮ থেকে ৩১ জুলাই সারাদেশে অনুরূপ কর্মসূচি
৪. ১ আগস্ট গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের কর্মসূচি
৫. ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের কর্মসূচিতে অংশগ্রহণ ও সমর্থন
এছাড়া মহিলা বিভাগ, ছাত্রসংগঠন এবং বিভিন্ন ফোরামের উদ্যোগেও কর্মসূচিতে অংশ নেবে দলটি।
সংবাদ সম্মেলনে জামায়াত তিনটি প্রধান দাবি তুলে ধরে—জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা, ওসমান বিন হাদী হত্যার বিচার নিশ্চিত করা এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









