জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তার সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী বেগম নাসরিন জাহান রতনাও সিঙ্গাপুর গেছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।
এবিএম রুহুল আমিন হাওলাদার গত মে মাসে হৃদ্যন্ত্রের সমস্যাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, তার সহধর্মিণী বেগম নাসরিন জাহান রতনা দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন।
দুজনেই দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন তারা।
সিঙ্গাপুর সফরে তাদের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার ফারা ফিজা বিনতে আমিন, সানাম, ফয়সাল কাদের ও আয়মান। এছাড়াও রয়েছেন ব্যক্তিগত সহকারী মো. ইউনুছ হাওলাদার।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার সহধর্মিণীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









