‘অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই নয়’—মানবজীবনের নৈতিকতা ও আত্মসমালোচনার গুরুত্ব তুলে ধরা এই বাণীটি প্রাচীন রোমের নাট্যকার ও নীতিবাক্য রচয়িতা পাবলিলিয়াস সাইরাসের নামে প্রচলিত।
বাণীটির ইংরেজি রূপ ‘Forgive others often, yourself never.’ এর মূল লাতিন রূপ ‘Ignoscito sæpe alter, nunquam tibi.’। এর বাংলা অর্থ, অন্যের ভুল বারবার ক্ষমা করো, কিন্তু নিজের ভুলের ক্ষেত্রে কখনো ছাড় দিও না।
পাবলিলিয়াস সাইরাসের ‘ম্যাক্সিমস’ বা নীতিবাক্য সংকলনে এই উক্তির উল্লেখ পাওয়া যায়। ১৯২২ সালে প্রকাশিত ‘হয়টস নিউ সাইক্লোপিডিয়া অব প্র্যাকটিক্যাল কোটেশনস’ গ্রন্থেও উক্তিটি সাইরাসের ‘ম্যাক্সিমস’ থেকে নেওয়া বলে উল্লেখ করা হয়েছে।
উক্তিটির মূল বক্তব্য হলো, অন্যের ভুলের প্রতি সহনশীল হওয়া এবং নিজের কাজের ক্ষেত্রে কঠোর আত্মসমালোচনার চর্চা করা। মানুষের আচরণে ক্ষমাশীলতা ও নিজের ভুল সংশোধনের মানসিকতা গড়ে তোলার একটি নৈতিক শিক্ষা রয়েছে এই বাণীতে।
পাবলিলিয়াস সাইরাস ছিলেন খ্রিষ্টপূর্ব প্রথম শতকের একজন লাতিন লেখক। তার নীতিবাক্যগুলোতে মানুষের আচরণ, নৈতিকতা, জীবনবোধ ও সামাজিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









