বার্সেলোনায় যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি হুলিয়ান আলভারেজের। দলবদলের বাজার বন্ধ হয়ে যাওয়ার পর এবার অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগামীকাল শনিবার স্প্যানিশ লিগের চতুর্থ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে খেলবে অ্যাথলেটিকো। এই ম্যাচ দিয়েই দলবদল-পরবর্তী সময়ে স্কোয়াডে ফিরছেন আলভারেজ।
বার্সেলোনায় পাড়ি জমানোর গুঞ্জনে দলবদলের শেষ সময় পর্যন্ত সরগরম ছিল ফুটবল বিশ্ব। কাতালান ক্লাবে যাওয়ার আলভারেজের ইচ্ছা নিয়েও কম আলোচনা হয়নি। শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। বিলবাও ম্যাচের আগে অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনের সংবাদ সম্মেলনেও তাই ঘুরেফিরে এসেছে আলভারেজের প্রসঙ্গ।
সংবাদপত্র স্পোর্তের প্রকাশিত বক্তব্য অনুযায়ী, আলভারেজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট সিমিওনে। তিনি বলেন, ‘‘আলভারেজ খুব ভালো অনুীশলন করছে। সে আগামীকালকের দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে আছে। এই ম্যাচ খেলার জন্য বিলবাও সফরেও দলের সঙ্গে থাকবে সে।’’
আর্জেন্টাইনের কাছে সিমিওনের চাওয়া, ‘‘আমরা আলভারেজের কাছ থেকে সেরাটা চাই, একই সঙ্গে যেমন আমরা তার অন্য সতীর্থদের কাছে চাই।’’
বিলবাও ম্যাচে আলভারেজ শুরুর একাদশে নাকি নাকি বেঞ্চে থাকবেন, এনিয়ে প্রশ্নে নীরব ছিলেন সিমিওনে। তার সংবাদ সম্মেলন ছিল ছয় মিনিটের। সেখানে কোচ বলেছেন, জীবনে শেখার সুযোগ আছে আলভারেজের।
সিমিওনে বলেন, ‘‘আমি একদম স্পষ্ট থাকতে চাই। আমার জন্য জীবন সুযোগে পরিপূর্ণ। এবং জীবনকে গুছিয়ে রাখার জন্য এটা চমৎকার সুযোগ।’’
তিনি যোগ করেন, ‘‘আমরা শেখার জন্য আমাদের সময় কাটাই। দুর্ভাগ্যবশত বিচার করে আমরা অনেক বেশি সময় পার করি। আমরা বিচার করি একে-ওকে। আমাদের বিচার করে সময় নষ্ট করা চলবে না। শেখার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে।’’
আলভারেজের ভালো ভবিষ্যৎ দেখছেন সিমিওনে, ‘‘আমি বিশ্বাস করি আলভারেজ যে পদক্ষেপ নিয়েছে, সেটা হবে একেবারে নিখাঁদ শিক্ষা। একজন ভালো মানুষ হওয়ার জন্য আভ্যন্তরীণ সমস্যার সমাধানের সুযোগ পাচ্ছে সে।’’
শেষে গিয়ে আলভারেজের জন্য শুভকামনা জানালেন কোচ। তার কাছে একটাই চাওয়া, ‘‘তাকে খুশি দেখা, এটাই আমরা চাই। তাকে ভালো ও সুখী থাকতে হবে, স্বাচ্ছন্দ্যে থাকার পাশাপাশি আমাদের গোলও এনে দিতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









