আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে রোজারিওতে পৌঁছে গেছেন লিওনেল মেসি। আগামী মঙ্গলবার বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে মাঠে নামার কথা তার। এর আগে ল্যাপটপে ফুটবল ম্যাচ দেখার একটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা।
ছবিতে দেখা যায়, ল্যাপটপের স্ক্রিনে ফুটবল ম্যাচের দৃশ্যে মগ্ন মেসি। স্কোরবোর্ডে দেখা যাচ্ছে ৪-১। বাঁ হাতে পানীয় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন আর্জেন্টাইন তারকা। এরপরই প্রশ্ন ওঠে, কোন দলের ম্যাচ এত মনোযোগ দিয়ে দেখছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী?
জানা গেছে, মেসি দেখছিলেন স্পেনের ক্লাব সিডি এলদেনসের ম্যাচ। সম্প্রতি ক্লাবটির নতুন মালিক হয়েছেন তিনি। আর মালিক হওয়ার পরই দলের বড় জয় দেখলেন মেসি।
লা লিগা থেকে সম্প্রতি অবনমিত হওয়া রিয়াল ওভেইদোর বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল মেসির মালিকানাধীন দলটি। ম্যাচের পর এলদেনসে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সেই ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘সবার মাধ্যমে অর্জিত একটি গুরুত্বপূর্ণ জয়।’
সম্প্রতি ক্লাবটির শতভাগ মালিকানা নেওয়া মেসি ছবিটিতে হাততালির ইমোজি দিয়ে লিখেছেন, ‘এগিয়ে যাও দেপোর্তিভো।’
এর আগে স্পেনের পঞ্চম স্তরের ক্লাব এস্পোর্তিভো কর্নেয়ার মালিকানাও নিয়েছেন মেসি। এবার ১৯২১ সালে প্রতিষ্ঠিত সিডি এলদেনসের মালিকানাও নিয়েছেন আর্জেন্টাইন তারকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









