উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা শনিবার সকালে বলেন, লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা এখনই দেখছেন না তিনি। এটি হয়ত সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে। এর তেমন প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে৷ ২৮ তারিখের পর উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।
শনিবার (২৫ জুলাই ) আবহাওয়া সম্পর্কিত এক সতর্কবার্তায় অধিদপ্তর বলেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় ওই লঘুচাপটি সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শনিবার অভ্যন্তরীণ নদীবন্দর সম্পর্কিত এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের শনিবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ করা হয়েছে নীলফামারীর ডিমলায়। এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এই সময়ে দেশের সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে সাতক্ষীরায়। এছাড়া যশোরে ৬৬, চুয়াডাঙ্গায় ৪০, নোয়াখালীর হাতিয়ায় ৩৫, খুলনায় ৩৩ এবং রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









