জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবের পরদিন রাজধানীর সবজি বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। বাজেট-পরবর্তী প্রথম ছুটির দিনে বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম আগের সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। আর ক্রেতা-বিক্রেতারা বলছে, বাজারে বর্তমানে বেশির ভাগ সবজিই প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। মৌসুম না হওয়ায় বাজারে এখন সবচেয়ে ব্যয়বহুল সবজির তালিকায় রয়েছে টমেটো, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা দরে।
শুক্রবার (১২ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা ও ঝিঙা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া, প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা, জালি প্রতি পিস ৬০ থেকে টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
ক্রেতারা বলছেন, গত এক সপ্তাহ ধরে বাজারে সবজির দাম যেভাবে বাড়তি যাচ্ছিল, আজ বাজেট ঘোষণার পরের দিনও ঠিক একই রকম আছে। বাজেট হওয়া বা না হওয়ায় সবজির বাজারে কোনো প্রভাব পড়েনি। আমরা সাধারণ মানুষ আগের মতোই বাড়তি দাম দিয়ে সবজি কিনছি।
আর বিক্রেতারা বলছেন, বাজেট ঘোষণার কারণে সবজির দামে কোনো কম-বেশি হয়নি। গত সপ্তাহের পাইকারি বাজারে সবজির দাম যেমন ছিল, আজকেও আমরা প্রায় একই দামেই আড়ত থেকে মাল কিনেছি। ফলে খুচরা বাজারেও আগের দামেই সবজি বিক্রি করতে হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মিরপুরের কাজিপাড়া বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী রাকিব হুসাইন। তিনি বলেন, বাজেটের পরের দিন বাজারে এলাম। সব ধরনের সবজির দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েওনি আবার কমেওনি। সব ধরনের সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার ঘরে, তবে দুই একটি সবজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর বাড্ডার একটি বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আরিফ মিয়া বলেন, মূলত গত সপ্তাহ থেকেই সবজির বাজার প্রায় একই রকম যাচ্ছে, যা আজ বাজেট-পরবর্তী দিনেও অপরিবর্তিত রয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজিগুলো আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ আশা করেছিলেন বাজেটের পর বাজার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে, তবে মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা।
সবজির দামের বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা জব্বার মিয়া বলেন, চলতি মাসের শুরুতে সবজির দাম যেমন বাড়তি ছিল সেই তুলনায় বর্তমানে সবজির দাম কম যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে সবজির বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না হওয়ায় টমেটো প্রতি কেজি ১২০ টাকায়, শসা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলোর দাম বলতে গেলে আগের চেয়ে কম রয়েছে। মোটামুটি এক সপ্তাহ ধরে সবজির বাজার ৫০ থেকে ৮০ টাকার ঘরে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









