রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশনের মধ্যকার সমঝোতা স্মারক অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের ৪ জন মেধাবী নারী শিক্ষার্থীকে এককালীন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের বৃত্তি প্রাপ্ত চার শিক্ষার্থী হলেন— অর্থনীতি বিভাগের মোছা. ফিরোজা আক্তার (সিজিপিএ ৩.৮৬), অর্থনীতি বিভাগের উর্মি রানী রায় (সিজিপিএ ৩.৮৬), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাহিদা হাসান দীপা (সিজিপিএ ৩.৭৮) এবং লোকপ্রশাসন বিভাগের মারজানা আক্তার ইতি (সিজিপিএ ৩.৬৭)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
তিনি বলেন, ‘‘নারী শিক্ষার প্রসার ও মেধার মূল্যায়নে এই ধরনের বৃত্তি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে তারা সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে।’’ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সমাজের সর্বস্তরের গুণীজন ও ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. কে মুশতাক ইলাহি বলেন, ‘‘মেধাবী নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করাই এ বৃত্তির মূল লক্ষ্য।’’ ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বৃত্তির চেক ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শেষে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের জার্নাল অব স্যোশাল সায়েন্স (ভলিউম-৮, সংখ্যা-২) এর মোড়ক উন্মোচন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









