সুনামগঞ্জের দিরাইয়ে অতিবৃষ্টিতে হাওরের বোরো ধান নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়মের প্রতিবাদে এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কৃষকদের উদ্যোগে দিরাই থানা পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দাস, ইউপি সদস্য আব্দুস সামাদ, শাহার মিয়া, কৃষক আকবর আলী, সৈয়দ নুর, রায়হান মিয়া, আলী আহমদ, সাংবাদিক জুহান মিয়া, জমিয়ত নেতা আব্দুল্লাহ রাজী প্রমুখ।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বরং অর্থের বিনিময়ে ও ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
কৃষকরা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের তালিকা পুনঃযাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









