চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ জুলাই) বিকেল পৌঁনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ পাঁচলাইশ এলাকার হামজারবাগের হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা আজাদকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তার সহযোগীরা দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তিনি বলেন, “কী কারণে গুলি করা হয়েছে এবং কারা এই ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









