উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো রাজধানীর আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় বিএসসির (সম্মান) নতুন শিক্ষার্থীদের। অসাধারণ সাফল্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও শেখ সাবিনা শিক্ষা বৃত্তি পান ২০২২ থেকে ২০২৪ সালের গ্রেডিং পদ্ধতির বিএসসি (সম্মান) ও এমএস উত্তীর্ণ পাঁচটি বিভাগের কৃতী শিক্ষার্থীরা।
‘সৃজন-উৎসব আজি, হে নবীন, খুলে দাও দ্বার, আনো তব নব-উপহার’ স্লোগানে বুধবার (১৫ জুলাই) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি প্রোডাকশন্সের পরিচালক বিবি রাসেল, স্কয়ার হসপিটাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালট্যান্ট ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আসমা বেগম শিল্পী এবং কলেজের প্রতিষ্ঠাতা শেখ সাবিনা।
উদ্বোধনী সংগীত এবং ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করে নেওয়ার পর তাদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন নবীন শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
বিশেষ অতিথি বিবি রাসেল বলেন, ‘প্রতিটি দেশের মেরুদণ্ড হলো স্বাস্থ্য আর শিক্ষা। তাই পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না এবং আমাদের নিজস্ব ঐতিহ্যকে আমাদেরকেই রক্ষা করতে হবে।’ অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতার বলেন, ‘নিজেকে গড়ে তুলতে পড়াশোনায় সময় দিতে হবে, মেধা মননে অনন্য হতে হতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করতে হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









