হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় চলমান ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পে পিলারভিত্তিক ফ্লাইওভার নির্মাণ এবং ফ্লাইওভারের নিচে জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (১৫ জুলাই) সকালে মাধবপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে শত শত মানুষ মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, চলমান ফ্লাইওভার নির্মাণকাজে দুই পাশ মাটি দিয়ে ভরাট করার পরিকল্পনা রয়েছে। এমনটি বাস্তবায়ন হলে মাধবপুরের ঐতিহ্যবাহী বাজারের সঙ্গে পূর্বাঞ্চলের বিস্তৃীর্ণ এলাকার মানুষের সাথে পশ্চিঞ্চলের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
একই সঙ্গে মহাসড়কের পশ্চিম পাশের বাসিন্দাদের থানা, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেতে প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হবে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে দীর্ঘমেয়াদি ভোগান্তি সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ব্যবসায়ী নেতা ইমরান খান, মনোজ কান্তি পাল, স্বপন রায়, আবুল বাশার, মোবারক উল্লাহ, হাজী ফিরোজ মিয়া, হাফেজ শামীমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্প অবশ্যই জনগণের স্বার্থ বিবেচনায় বাস্তবায়ন করতে হবে। ফ্লাইওভারের নিচে পর্যাপ্ত জায়গা উন্মুক্ত রেখে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণ করা হলে যান চলাচলের পাশাপাশি পথচারীরাও নিরাপদে চলাচল করতে পারবেন। কিন্তু মাটি দিয়ে ভরাট করা হলে মাধবপুরের কয়েক লাখ মানুষের যাতায়াতে স্থায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









