আকাশপথে আর্জেন্টিনা থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৬ হাজার ৭৮০ কিলোমিটার। তবে আটলান্টায় আজ সেমিফাইনালে মাঠে নামার সময় এই দূরত্ব যেন ঘুচে যাবে। কারণ আলবিসেলেস্তাদের হয়ে গলা ফাটাবে বাংলাদেশের কোটি সমর্থক।
আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন ছুঁয়ে গেছে কোচ লিওনেল স্কালোনির হৃদয়। তাই বাংলাদেশকে প্রতিদান হিসেবে আনন্দ উপহার দিতে চান ৪৮ বছর বয়সী এই কোচ।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে স্কালোনি বলেন, ‘আশা করি আগামীকাল (আজ) তাদের আনন্দ দেওয়ার মতো ফল দিতে পারব। এটাই আমাদের লক্ষ্য।’
বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে সমর্থন করে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরে মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এ জন্য তাদের ধন্যবাদ।’
বাংলাদেশি সমর্থকদের প্রশংসা করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। তিনি বলেন, ‘বাংলাদেশ এবং এই সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে নিজের চোখেই আমি দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









