কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ২০২৬-২৭ আসর। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগ অংশগ্রহণ করবে বলে জানিয়েছে শারীরিক শিক্ষা বিভাগ।
রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অর্থনীতি বিভাগ ও ফার্মেসি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আটুর্নামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ জুলহাস উদ্দিন, শিক্ষকবৃন্দ, খেলোয়াড় এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচের খেলা নির্ধারিত ৫০ মিনিট সময়ে ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারের মাধ্যমে ৪–৩ গোলে ফার্মেসি বিভাগকে হারিয়ে জয়লাভ করে অর্থনীতি বিভাগ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “আন্তঃবিভাগীয় এই প্রতিযোগিতাকে নিজেদের পরিবারের সদস্যদের মধ্যকার প্রতিযোগিতা হিসেবে দেখতে হবে। যে বিভাগই জয়ী হোক, জয়ী হবে বিশ্ববিদ্যালয়েরই একটি দল।’’ তাই খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত আক্রমণাত্মক না হয়ে পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘‘খেলাধুলা শিক্ষার্থীদের আনন্দ, শারীরিক সক্ষমতা ও পারস্পরিক বন্ধন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতিযোগিতাকে সুন্দর ও ইতিবাচক পরিবেশে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’’
ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন বলেন, ‘‘খেলায় জয়-পরাজয় থাকবেই। তবে জয়-পরাজয়ের কারণে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’’ তিনি খেলাটিকে বিনোদনমূলক ও উপভোগ্য করে তোলার আহ্বান জানান এবং পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।
প্রসঙ্গত, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার গত আসরে কোয়ার্টার ফাইনালে মারামারির দায়ে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়ে এবার খেলায় অংশগ্রহণ করতে পারেনি মার্কেটিং বিভাগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









