একসময় পাথর উত্তোলন ও ব্যবসাই ছিল তাঁর জীবিকার প্রধান অবলম্বন। ২০১৮ সালে পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় বদলাতে হয় পেশা। বিকল্প জীবিকার সন্ধানে অনাবাদি জমিতে শুরু করেন চাষাবাদ। মো. মনিরুজ্জামানের যাত্রা শুরু হয়েছিল মাত্র আটটি কবুতর দিয়ে। সেই ছোট উদ্যোগ এখন বিস্তৃত হয়েছে প্রায় ২৫ বিঘা জমিতে।
ফসল উৎপাদন, পশুপালন ও মাছ চাষের সমন্বয়ে গড়ে তুলেছেন একটি সমন্বিত খামার। তাঁর এই উদ্যোগে নিজের জীবিকার সংস্থান হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় মানুষেরও।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারের রাধানগর গ্রামে মো. মনিরুজ্জামানের এই খামার। এক পাশে সীমান্ত, অন্য পাশে মেঘালয়ের পাহাড়। পাহাড়ঘেরা এই জনপদে একসময় ছিল পাথর উত্তোলনের কর্মযজ্ঞ। সেই চেনা দৃশ্যের জায়গা নিয়েছে এখন সবুজ ফসলের মাঠ।
খামারের প্রায় ২৫ বিঘা জমিতে চাষ হচ্ছে ধান, সরিষা, গম, ভুট্টা ও বিভিন্ন ধরনের শাকসবজি। রয়েছে কলা, পেঁপে, হলুদ ও আদার আবাদ। পাশাপাশি পালন করা হচ্ছে গরু, হাঁস-মুরগি ও কবুতর। পুকুরে চলছে মাছ চাষ। কৃষি ও প্রাণিসম্পদের সমন্বয়ে গড়ে উঠেছে তাঁর এই খামার।
মনিরুজ্জামান বলেন, ২০১৮ সালে পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার পর বিকল্প জীবিকার সন্ধান শুরু করেন তিনি। একপর্যায়ে বিদেশে যাওয়ার কথাও ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত নিজের জমিতেই কিছু করার সিদ্ধান্ত নেন। ২০১৯ সালে আটটি কবুতর দিয়ে খামারের যাত্রা শুরু করেন। পরে ধীরে ধীরে হাঁস-মুরগি ও গরু পালন, মাছ চাষ এবং ফসল উৎপাদন যুক্ত করেন।
বর্তমানে তাঁর খামারে নিয়মিত কাজ করেন চারজন। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ১৫ জন অস্থায়ী শ্রমিকের কাজের সুযোগ হয়। তাঁর উদ্যোগ দেখে গ্রামের অন্য বাসিন্দারাও অনাবাদি জমিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন।
মনিরুজ্জামানের উদ্যোগ জীবীকা নির্বাহের পাশাপাশি তৈরি করেছে কর্মসংস্থানের সুযোগ। পাথরনির্ভর কোম্পানীগঞ্জে কৃষিকে ঘিরে নতুন সম্ভাবনার দৃষ্টান্ত হয়ে উঠেছে তাঁর এই খামার।
পাশাপাশি খামারকে ঘিরে পর্যটনের সম্ভাবনাও দেখছেন মনিরুজ্জামান। পাহাড়, সবুজ মাঠ, পুকুর ও খামারের পশুপাখি নিয়ে গড়ে তুলতে চান কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। সেখানে দর্শনার্থীরা প্রকৃতির সান্নিধ্য পাওয়ার পাশাপাশি কৃষিকাজ সম্পর্কেও জানতে পারবেন। এ পরিকল্পনার অংশ হিসেবে নিজ গ্রামে গড়ে তুলেছেন ‘সীমান্ত বিলাস ক্যাফে’।
কৃষি বিভাগের কর্মকর্তারাও তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, কৃষি ও প্রাণিসম্পদের সমন্বয়ে গড়ে ওঠা এ ধরনের খামার স্থানীয় কৃষির বিকাশে ভূমিকা রাখতে পারে।
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান দৈনিক এদিনকে বলেন, মনিরুজ্জামানের উদ্যোগ প্রশংসনীয়। তাঁকে কৃষিবিষয়ক বিভিন্ন কর্মশালায় যুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
তিনি বলেন, মনিরুজ্জামান একজন সফল কৃষক। তাঁর স্বপ্ন কৃষিভিত্তিক ইকো রিসোর্ট গড়ে তোলা। সাধ্য অনুযায়ী এই উদ্যোগ বাস্তবায়নে কৃষি বিভাগ তাঁর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








