নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক রিকশাচালক বরগুনার বাসিন্দা এবং নিজের নাম মনির বলে পরিচয় দিয়েছেন।
রিকশাচালকের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে গতকাল থেকেই তারা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছেন।
তিনি বলেন, আজ দুপুরের দিকে এক রিকশাচালক যাচ্ছিলেন। আমরা তাকে ধরে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছাত্রদল একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকের পর হয়তো তাকে মারধর করা হয়েছে। এখন তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হলে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









