দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা চলার পরও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশগুলো। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এ সমঝোতার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়া প্রত্যাখ্যান করায় সম্মেলনে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
রবিবার (২২ নভেম্বর) সম্মেলনের সমাপনী অধিবেশনে কপ৩১-এর সভাপতি ও তুরস্কের মন্ত্রী মুরাত কুরুম বলেন, কয়েকটি দেশ প্রস্তাবিত নথির বিরোধিতা করছে। এ কারণে এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি এবং প্রস্তাবগুলো গ্রহণ করা যাচ্ছে না।
শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও মতপার্থক্যের কারণে আলোচনা সপ্তাহান্ত পর্যন্ত গড়ায়। অস্ট্রেলিয়া ও সম্মেলনের আয়োজক তুরস্ক কয়েক দফায় চুক্তির খসড়া প্রকাশ করে দেশগুলোর মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা চালায়।
জীবাশ্ম জ্বালানি নিয়ে মূল বিরোধ
আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অর্থসহায়তা দেওয়ার বিষয়টি।
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধ বা কমানোর বিষয়ে চূড়ান্ত চুক্তিতে স্পষ্ট বক্তব্য রাখার দাবি ছিল অনেক দেশের। কিন্তু সর্বশেষ খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের কোনো সরাসরি উল্লেখ ছিল না। এ কারণে প্রস্তাবটি নিয়ে সমালোচনা তৈরি হয়।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজনের জন্য অর্থসহায়তা দেওয়ার বিষয়েও মতপার্থক্য দেখা দেয়।
অস্ট্রেলিয়ার নেতৃত্বে এবং তুরস্কের সহযোগিতায় তৈরি খসড়াটিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদার সঙ্গে জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ওপর নির্ভরশীল অর্থনীতির দেশগুলোর স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছিল।

১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রার লক্ষ্য ছাড়ানোর আশঙ্কা
চূড়ান্ত খসড়ায় প্রথমবারের মতো স্বীকার করা হয়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। এই সীমা অতিক্রম করলে তাপপ্রবাহ, বন্যা ও অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
তাপমাত্রা বৃদ্ধির প্রভাব কমাতে বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণের প্রযুক্তির দ্রুত উন্নয়ন ও ব্যবহার বাড়ানোর প্রস্তাবও রাখা হয়। তবে সমালোচকদের মতে, খসড়াটি জলবায়ু সংকট মোকাবিলায় যথেষ্ট উচ্চাভিলাষী ছিল না।
এমন পরিস্থিতিতে চূড়ান্ত সমঝোতা না হওয়াকে আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রম জোরদারের প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে চুক্তি গ্রহণ করা সম্ভব হয়নি। কপ৩১-এর এই ব্যর্থতা সেই ঘটনার কথাও নতুন করে সামনে এনেছে।
আনতালিয়ায় নতুন কোনো রাজনৈতিক ঘোষণা গ্রহণ করা না হলেও আগের জলবায়ু সম্মেলনগুলোতে দেশগুলোর দেওয়া অঙ্গীকার বাতিল হচ্ছে না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিদ্যমান আন্তর্জাতিক আইনি ও কারিগরি কাঠামোও বহাল থাকবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








