বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইন অনুষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এ ছাড়া আইন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ১৮তম বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ তার সুনাম ও মান ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এ অর্জনকে সম্মানিত করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের সংবর্ধনা জুনিয়র শিক্ষার্থীদের আরও বেশি অনুপ্রাণিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত রাখতে সবার দোয়া কামনা করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ১৮তম জুডিশিয়ারিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আইন পেশা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ গরিব মানুষের কল্যাণে আপনাদের কাজ করতে হবে।’’
তিনি বলেন, ‘‘জুডিশিয়ারির ভাইবা বোর্ডে অন্য বিশ্ববিদ্যালয়ের ডিন উপস্থিত থাকেন কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি থাকে না। বিজেএসসি’র অর্ডিন্যান্স কিভাবে সমাধান করা যায় আমি সেটা অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’’
তিনি আরও বলেন, ‘‘এ বিষয়ে আইন অনুষদের ডিন এবং শিক্ষকবৃন্দ তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। ইবির সকল অনুষদের সকল শিক্ষার্থীকে দক্ষ এবং কার্যকরী করার ক্ষেত্রে সকল লজিস্টিক সাপোর্ট দিতে প্রশাসন প্রস্তুত আছে। আইন বিভাগ থেকে চাইলেই বিজেএস, বিসিএস এবং আইনজীবী পেশায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আগামীতে জুডিশিয়ারির সংখ্যা ১৯ থেকে ৫০ হবে বলে আমি বিশ্বাস করি।’’
সভাপতির বক্তব্যে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, ‘‘আইন অনুষদে থেকে সুপারিশপ্রাপ্ত সকলকে অভিনন্দন। আগামীতেও আমরা এমন সংবর্ধনা আয়োজন করবো। উপাচার্য স্যার এ বিষয়ে আমাদের সম্মতি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় অতিদ্রুত আজকের আয়োজন করতে পেরেছি।’’
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে মোট ১৯ জন শিক্ষার্থী সহকারী জজ (সিভিল জজ) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে আইন বিভাগ থেকে ১৪ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে চারজন এবং আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগ থেকে একজন রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









