ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের ফি বৃদ্ধি এবং সমাবর্তনের প্রাতিষ্ঠানিক পোস্টারের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইবি ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেছেন, “ইবি প্রশাসন রাজনীতি শিখে গেছে।”
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে পঞ্চম সমাবর্তনের বিজ্ঞপ্তি সংবলিত পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইবি প্রশাসনকে নিয়ে এ কথা বলেন।
ফুয়াদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “যখন শিক্ষার্থীরা সব দিক থেকে সমাবর্তন ফি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করল, তখন ‘এখনো ফি চূড়ান্ত হয়নি’ এমন উক্তির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হলো। অথচ, যখন সবাই চুপচাপ, তখন অফিশিয়াল পেজ থেকে আগের ঘোষিত সেই বড় অঙ্কের ফিটাই আবার ঘোষণা দেওয়া হলো। ইবির প্রশাসন রাজনীতি শিখে গেছে। এর জন্য একটা বাহবা দেওয়াই যায়!”
বিজ্ঞপ্তির পোস্টার ও ভিজ্যুয়াল কোয়ালিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি লেখেন, “আবার দেখলাম, এমন একটি পোস্টারের মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়েছে, যা দেখে মোটামুটি মনে হলো, মেম্বার ইলেকশনের জন্য ডিজাইন করা কোনো এআই-জেনারেটেড পোস্টার। ইবিতে যে চারুকলা নামক একটি বিভাগ আছে পোস্টার, ব্যানার, প্রচ্ছদ ও ডেকোরেশনের মতো কাজের জন্য তা হয়তো ইবির প্রশাসনিক কর্তারা জানেনই না!”
উল্লেখ্য, আগামী বছরের ২ ফেব্রুয়ারিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্তরের সার্টিফিকেট ফির ক্ষেত্রে স্নাতক কোর্সের জন্য ৫০০ টাকা, স্নাতকোত্তর কোর্সের জন্য ৭০০ টাকা, এমফিল ডিগ্রির জন্য ১০০০টাকা, এবং পিএইচডি ডিগ্রির জন্য ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অতিথি ফি হিসেবে সর্বোচ্চ ৩ জন অতিথি অংশ নিতে পারবেন, যেখানে স্বামী-স্ত্রী ও ৫ বছরের নিচের শিশুদের জন্য কোনো ফি লাগবে না বলে জানা গেছে , তবে ৫ বছর বা তদূর্ধ্ব বয়সের অতিথিদের জন্য প্রতিজনের ক্ষেত্রে ১০০০ টাকা করে ফি প্রদান করতে হবে।
অতিরিক্ত ফি নির্ধারণ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে একবার নির্ধারিত ফি চূড়ান্ত নয় বলে জানানো হয়। এর কিছুদিন পর ইবি প্রশাসন আবার পূর্বনির্ধারিত ফি বহাল রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করলে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করে ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









