যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২২০ আসনে জয় পেয়েছে। ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ১২৬ আসন।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রিপাবলিকানদের কাছ থেকে এ পর্যন্ত নতুন করে ২৫টি আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮ আসন।
মার্কিন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের বিরুদ্ধে কঠোর রায় দিয়েছেন।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) মোট আসনসংখ্যা ৪৩৫টি। কোনো দল যদি এই কক্ষের নিয়ন্ত্রণ নিতে চায়, তাহলে ৪৩৫টি আসনের মধ্যে কমপক্ষে ২১৮টি আসনে জয়ী হতে হবে সেই দলকে।
দ্য নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রতিনিধি পরিষদের ২২০টি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থীরা। মার্কিন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা কমপক্ষে ২৫৫টি আসনে জয়ী হতে যাচ্ছেন।
যেহেতু ডেমোক্র্যাটরা সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস— উভয়কক্ষে ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সফল হয়েছেন, সুতরাং স্বাভাবিকভাবেই পুরো কংগ্রেস এখন তাদের দখলে।
প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে ডেমোক্র্যাটদের মাত্র তিনটি আসন বেশি জেতার প্রয়োজন ছিল। তবে পূর্ব উপকূল থেকে টেক্সাসের রিও গ্রান্ডে ভ্যালি পর্যন্ত রিপাবলিকানদের দখলে থাকা অনেকগুলো আসনই এই ‘নীল ঢেউ’ (ডেমোক্র্যাটিক জয়যাত্রা)-এর কবলে পড়েছে— গত নির্বাচনে এই বিশাল এলাকার অধিকাংশ নির্বাচনী আসনে জয় পেয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
ডেমোক্র্যাটদের এই জয়কে প্রেসিডেন্ট ট্রাম্পের অজনপ্রিয় নীতিগুলোর বিরুদ্ধে একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে রয়েছে অভিবাসন বিষয়ে কঠোর দমনমূলক পদক্ষেপ, আট মাস ধরে চলা ইরান যুদ্ধ, এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ। ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপের কারনে যুক্তরাষ্ট্রে জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য জিনিসের দাম বেড়ে গিয়েছিল।
আগামী ৩রা জানুয়ারি ডেমোক্র্যাটরা যখন কক্ষটির নিয়ন্ত্রণ গ্রহণ করবে, তখন দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো এমন এক কংগ্রেসের মুখোমুখী হবেন ট্রাম্প, তৈরি হবে যেখানে তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে না।
সূত্র : এনবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









