বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং সময়োপযোগী গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম আরও সুদৃঢ় করা সম্ভব। কিউ-১ বা কিউ-২ পর্যায়ের স্কোপাস ইনডেক্সড জার্নালে বেরোবি গবেষকদের গবেষণাপত্র প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ 'টোকেন রিওয়ার্ড' বা আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের তিন (অর্থনীতি, সমাজবিজ্ঞান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগের ১ম সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা থাকলেও গবেষণার সদিচ্ছার কোনো কমতি নেই। আমাদের মূল লক্ষ্য গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা।
উপাচার্য জানান, গবেষণার মান উন্নয়নে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে কো-সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ তৈরি করা হচ্ছে। এছাড়া বিসিএসআইআর ও পরমাণু শক্তি কমিশনের মতো দেশীয় গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ কোলাবরেশনের ওপর তিনি জোর দেন।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং বহিঃস্থ গবেষকগণ অনলাইনে উপস্থিত ছিলেন। সেমিনারে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









