রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন খাবার দোকানে খাবারের মান ও উচ্চমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এ মনিটরিং অভিযান চালানো হয়। এ সময় অনিয়মের দায়ে ৫টি খাবার দোকানে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, প্রক্টরিয়াল বডি ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) রাবি শাখা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, ক্যাম্পাসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এই তদারকিতে অতিরিক্ত দাম, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ভেজাল খাদ্য রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রবীন্দ্র ভবনের পাশে গ্রিন ক্যাফেকে ২০ হাজার টাকা, সরুজের দোকানকে ৫ হাজার টাকা, টুকিটাকি চত্ত্বরে বাবুর দোকানকে ৩ হাজার টাকা এবং মনির ও রকির দোকানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক ফজলে এলাহি বলেন, ‘রাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমরা নিয়মিত তদারকির অংশ হিসেবে এই পরিদর্শন করেছি। অভিযানে বেশ কিছু আইনবিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে। জনস্বার্থে তাদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে এবং দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। খাবারের মান নিয়ে কোনো আপস করা হবে না।’
অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. নাসির উদ্দিন, মোহা. বেলাল হোসাইন ও ড. মো. জহুরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন রাকসুর কার্যনির্বাহী সদস্য ইমজিয়াউল হক কামালি, এ বি এম খালিদ এবং সিওয়াইবি রাবি শাখার সভাপতি সাদমান প্যারিসসহ অন্যান্য প্রতিনিধিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









