কেক কাটতে গিয়ে হঠাৎ ছুরিতে বাধা! নরম কেকের ভেতরে যেন লুকিয়ে ছিল শক্ত কিছু। থমকে গেলেন অভিনেত্রী পূর্ণিমা। কৌতূহলী হয়ে কেকের ভেতর থেকে বের করলেন একটি ছোট বাক্স। তবে বাক্সটির ভেতরে কী ছিল, সেই রহস্যই জন্মদিনের অনুষ্ঠানে পরিণত হয় বড় চমকে।
১১ জুলাই জন্মদিন উপলক্ষে অভিনেত্রী পূর্ণিমার জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করে চ্যানেল আই। বিশেষ অনুষ্ঠান ‘জোছনার ওপারে পূর্ণিমা’র শুটিংয়ে গিয়ে একের পর এক চমকে অভিভূত হন তিনি।
একসময় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা দীর্ঘ অভিনয়জীবনে মান্না, রিয়াজ ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও এবারের অভিজ্ঞতা ছিল ভিন্ন। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের মূল ফটক থেকে স্টুডিও পর্যন্ত পূর্ণিমার প্রায় তিন দশকের অভিনয়জীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্রের কাটআউট দিয়ে করিডর সাজানো হয়। বিছানো হয় লালগালিচা। সেই পথ ধরে স্টুডিওতে পৌঁছানোর সময় নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি নতুন করে ফিরে দেখেন তিনি।
চট্টগ্রাম থেকে শুরু
১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। মাত্র ১৫ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ (১৯৯৮) সিনেমার মাধ্যমে রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তার।
২৮ বছরের অভিনয়জীবনে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে তারকাখ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

এ ছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘শাস্তি’ এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত সাহিত্যনির্ভর চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।
কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পূর্ণিমা। উপস্থাপক ও নাট্যশিল্পী হিসেবেও সফল তিনি। জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’তে অভিনয় করেও আলোচনায় আসেন।
স্টুডিওতে অপেক্ষা করছিল আরও একটি চমক। সেখানে তাকে স্বাগত জানান সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। এরপর আড্ডাভিত্তিক একটি অনুষ্ঠানে অংশ নেন দুজন। অভিনয়জীবনের শুরু, স্মরণীয় চলচ্চিত্র, প্রিয় সহশিল্পী, গান ও খাবার থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা অজানা গল্প উঠে আসে সেই আলাপচারিতায়।

তবে শেষ চমকটি ছিল জন্মদিনের কেকে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে সঙ্গে নিয়ে কেক কাটতে গিয়ে কেকের ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট বাক্স। বাক্সটিতে কী ছিল, তা প্রকাশ করা হয়নি।
বিশেষ সেই উপহার পেয়ে দারুণ খুশি হন পূর্ণিমা। তার ভাষায়, এই আয়োজন হয়ে থাকবে স্মরণীয়।
ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানটি শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









