জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নবনিযুক্ত ও অষ্টম উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (১৬ মে) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা ‘নজরুল ভাস্কর্য’ ও ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্বোধনকৃত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে পরিচিতিপর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
উপাচার্য বলেন, “ফুল পবিত্রতা, সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, তার মর্যাদা রাখতে চাই। বিদায়ের সময়ও যেন একই ভালোবাসা পাই, সেটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “সময়ের প্রয়োজনে এখন অনেকেই অবস্থান বদলান। তবে কেউ যেন অতিরিক্ত সুবিধার আশায় নিজস্বতা হারিয়ে না ফেলেন। যে যেমন ছিলেন, সেভাবেই থাকুন—সততা ও যোগ্যতার মূল্যায়ন করা হবে।”
উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আগামী চার বছর তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









