জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি বা দেয়ালচিত্র মুছে ফেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২১-২৫ মে ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট থেকে দোলনচাঁপা হলের সীমানাপ্রাচীর পর্যন্ত অংশের গ্রাফিতিগুলো সম্প্রতি রং করে ঢেকে দেওয়া হয়েছে।
ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিবিজড়িত এই গ্রাফিতিগুলো মুছে ফেলার ঘটনায় সাধারণ শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে সারা দেশের মতো নজরুল বিশ্ববিদ্যালায়ের শিক্ষার্থীরাও উল্লাসে মেতে ওঠেন। পরবর্তীতে আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এবং ‘রক্তাক্ত জুলাই-আগস্ট’-এর স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে নানা ধরনের গ্রাফিতি ও ক্যালিগ্রাফি আঁকেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কোনো আলোচনা ছাড়াই সেই গ্রাফিতিগুলো মুছে ফেলে নতুন করে সাদা রং করা হয়েছে। আন্দোলনের স্মৃতি এভাবে মুছে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তারা।
গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “এমন কি কোনো নির্দিষ্ট জায়গা ছিলো যা গ্রাফিতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছিল? জুলাই গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে আমি কিছু জানি না। বাউন্ডারি ওয়ালে রং করার জন্য বলা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাইম মিনিস্টার এই রাস্তা দিয়ে যেতে পারেন, সেজন্য সব পরিষ্কার করে রং করা হবে। যদি কোনো নির্দিষ্ট জায়গা থাকে যেখানে গ্রাফিতি আছে, সেগুলো আইডেন্টিফাই করে ওনারশিপ নিতে হবে। আমাদের কর্তৃপক্ষের নির্দেশ এগুলো রং করতে হবে।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমানের কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। এছাড়া পরবর্তীতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষ্যে আগামী ২১-২৫ মে ত্রিশালে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করেই রুটিন সংস্কার ও সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে দেয়ালগুলো রং করা হচ্ছে বলে জানাগেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









