সাংবাদিকতায় আগ্রহী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাবিসাসের উপদেষ্টা ও যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিম। স্বাগত বক্তব্য শেষে নবীন শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে নবীনদের ফুল, কলম ও সংগঠনের মনোগ্রাম সম্বলিত প্যাড দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংবাদিকতা ও সমসাময়িক বিষয়ের ওপর একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, আইন, ইংরেজি, ফারসি ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রাবিসাসের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি মীর কাদির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম মুহম্মদ আজাদ।
অনুষ্ঠানে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা চর্চায় যুক্ত প্রবীণ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ নবীনদের সামনে তাঁর সাংবাদিকতায় আসার অনুপ্রেরণার গল্প তুলে ধরেন। তিনি বলেন, যার জানার আগ্রহ যত বেশি, সে তত বেশি শিখতে পারবে। ক্যাম্পাস সাংবাদিকতায় যুক্ত হলে জানার ও চিন্তার পরিধি বাড়ে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে থাকা সম্ভব, যা পরবর্তী সময়ে ক্যারিয়ার গঠনেও কাজে দিবে।
সমাপনী বক্তব্যে সংগঠনটির বর্তমান সভাপতি মীর কাদির বলেন, ‘পুরো বাংলাদেশের ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে রাবিসাসের একটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে। আজকে যারা বিভিন্ন বিভাগ থেকে তীব্র আগ্রহ নিয়ে এখানে এসেছেন, তাদের এই মেধা ও আগ্রহকে আমরা স্বাগত জানাই।’ নবীনদের এই মেধা ক্যাম্পাস সাংবাদিকতার ঐতিহ্যকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি ক্যাম্পাসভিত্তিক সাংবাদিকতা চর্চার প্রথম ও প্রাচীন সংগঠন। প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দক্ষ সাংবাদিক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ঐতিহ্যবাহী এই সংগঠনটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









