রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি সাততলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হলে চিকিৎসকরা তাদের ভর্তি করেন।
দগ্ধরা হলেন মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, তিনজনকেই হাসপাতালে আনা হলে ভর্তি দেওয়া হয়। তাদের মধ্যে জুয়েলের শরীরের প্রায় ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থার গুরুতর হওয়ায় জুয়েল ও রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। পারভেজকে অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধদের সঙ্গে থাকা রাজিব জানান, তারা তিনজনই পান্থপথ এলাকায় একটি ফার্নিচার দোকানের শ্রমিক হিসেবে কাজ করতেন। রাতে কাঁঠালবাগান এলাকার ওই ভবনের নিচতলায় বার্নিশের কাজ করার সময় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।
তিনি আরও জানান, আহতদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









