ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত। তবে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নয়, বরং চূড়ান্ত শান্তিচুক্তির আওতায় নিরাপত্তা-সংক্রান্ত শর্তাবলি নিয়ে আলোচনা করতে চায় মস্কো। বৃহস্পতিবার এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে পুতিন বলেন, ‘এই আলোচনার লক্ষ্য হবে চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যে ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা করা। যুদ্ধের মধ্যে স্বল্প সময়ের কোনো বিরতির পর নয়, বরং চূড়ান্ত চুক্তির অংশ হিসেবেই এ বিষয়ে আলোচনা করতে হবে।’
পুতিন আবারও ক্রেমলিনের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে বলেন, রাশিয়া কখনো যুদ্ধ শুরু করতে চায়নি। তবে মস্কোর গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলোতে ইউক্রেনের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।
পুতিন বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা ইতিবাচক ফল আনতে পারে। তবে রাশিয়া কেবল স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী সমাধান চায়।
তিনি বলেন, আলোচনার লক্ষ্য হবে চূড়ান্ত শান্তিচুক্তির পর রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা। অল্প সময়ের জন্য সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা যাবে না। এ লক্ষ্য পূরণে আমরা আবার আলোচনা শুরু করতে প্রস্তুত।
পুতিন আরও জানান, উইটকফও পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার কথা বলেছেন। এ বিষয়ে তিনি একমত বলেও জানান।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ আলোচনায় বসতে প্রস্তুত। মঙ্গলবার নরওয়েতে উইটকফের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, আগামী মাসের শুরুর দিকে আলোচনা হতে পারে।
জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি, যুদ্ধের অবসান, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ এবং মানবিক উদ্যোগসহ যেকোনো প্রস্তাবকে সমর্থন করে ইউক্রেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা গত ফেব্রুয়ারিতে থমকে যায়। ওই সময় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হয়।
যুদ্ধ বন্ধের আলোচনায় সবচেয়ে জটিল বিষয়গুলোর একটি হলো ভূখণ্ডের নিয়ন্ত্রণ। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ।
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









