বৃষ্টি ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর এখনো থামেনি বৃষ্টি। ফলে অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোগান্তী চরমে পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবারও (১২ জুলাই) ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।
সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সড়কে বাসের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম তবে যাত্রীর চাপ ছিল বেশি। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের ধীর গতি ছিল। ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী ও শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে দেখা যায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে চলমান বৃষ্টিজনিত ভোগান্তি আজও অব্যাহত থাকতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









