রাজধানীর মতিঝিল মেট্রোস্টেশনের নিচে উদ্ধার হওয়া আইইডি এবং মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোস্টেশনে পাওয়া সন্দেহজনক বস্তু—এই দুই ঘটনার মধ্যে এখন পর্যন্ত কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে সব ঘটনার তদন্ত চলমান রয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক এ তথ্য জানান।
এর আগে শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রোস্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ এবং একই সময়ে ফার্মগেট মেট্রোস্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
পরীক্ষা শেষে বোমা নিষ্ক্রিয়কারী দল জানায়, দুটি বস্তুতেই কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হলেও তল্লাশি শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
মতিঝিলে ২৫ জুলাই উদ্ধার হওয়া আইইডির সঙ্গে শনিবারের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শামসুল হক বলেন, মিরপুর-১০ স্টেশনে উদ্ধার হওয়া ব্যাগে পান-জর্দার কৌটাসহ কিছু সাধারণ জিনিসপত্র ছিল। আর ফার্মগেটে পাওয়া বস্তায় ছিল আবর্জনা। কোথাও বিস্ফোরক না পাওয়ায় এ মুহূর্তে ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি।
তিনি আরও বলেন, মতিঝিলে আইইডি উদ্ধারের ঘটনাটি সিটিটিসি, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা যৌথভাবে তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
সিসিটিভি ফুটেজ প্রসঙ্গে তিনি জানান, সন্দেহজনক ব্যাগ ও বস্তা কে বা কারা রেখে গেছে, তা শনাক্তে সিসিটিভি ফুটেজসহ সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার বলেন, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারিও আরও জোরদার করা হয়েছে।
পলাতক জঙ্গিদের বিষয়ে তিনি জানান, তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









