গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল আলী ট্রেড সেন্টার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করা উচিত হবে না। তারা জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের শাস্তি এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান। এ সময় বিএনপির বিভিন্ন রাজনৈতিক অবস্থানেরও সমালোচনা করেন বক্তারা।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বড়লেখা-জুড়ী উপজেলার তত্ত্বাবধায়ক মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোহাইমিন এবং ছাত্রশিবিরের উপজেলা উত্তর শাখার সভাপতি হানজালা আহমদ।
এ সময় উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য হেলাল উদ্দিন, মো. কামাল উদ্দিন, আব্দুস সামাদ, জুবের আহমদ, সূরা সদস্য আলিম উদ্দিন, আবু তাহেরসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









