পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।
গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম (বিশেষ তল্লাশি) পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদাপোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হয়েছে। স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স রাজধানীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র্যালিকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থায় মোতায়েন থাকবে। ওই ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট থানার পুলিশ র্যালির সামনে ও পেছনে থাকবে। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









