হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর ছন্দহীন পাকিস্তান দল লর্ডস টেস্টের আগে পেল সুখবর। দ্বিতীয় টেস্টে চোট কাটিয়ে ফিরছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম, জানিয়েছে ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো।
আগামী বৃহস্পতিবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না বাবর। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার আঙুলে আঘাত পেয়েছিলেন তিনি, এরপর ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে একই জায়গায় আবারও চোট পান ডানহাতি এই ব্যাটার।
তবে সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে দলের অধিনায়ককে পাওয়ার ব্যাপারে আশাবাদী সফরকারীরা। অনুশীলনে বাবরকে বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গেছে বলে নিশ্চিত করেছেন দলের বোলিং কোচ উমর গুল।
গুল বলেন, ‘‘বাবর নেটে ব্যাটিং করেছে। ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়েছে। আজ তাকে ভালো অবস্থায় দেখা গেছে। পুরো একটি ব্যাটিং সেশন করেছে। আমরা আশা করছি, পরের ম্যাচে তাকে পাওয়া যাবে।’’
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল বাবরের কাঁধে। লর্ডসে মাঠে নামলেই ইংল্যান্ডের মাটিতে প্রথমবার জাতীয় দলকে লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ঝুলিতে পুরবেন বাবর।
ইংল্যান্ডের কন্ডিশনে বাবরের পরিসংখ্যানও বেশ ঈর্ষণীয়। দেশটিতে ৬ টেস্ট ইনিংসে ৬৫.৭৫ গড়ে তিনটি ফিফটি রয়েছে তার। অন্যদিকে থ্রি লায়ন্সদের বিপক্ষে ১৪ টেস্ট ইনিংসে ফিফটি ও সেঞ্চুরিসহ প্রায় ৫৪ গড়ে রান করেছেন তিনি।
উল্লেখ্য, প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে দুই ইনিংসের কোনোটিতেই ২০০ রানের কোটা পেরোতে না পেরে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সফরকারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









