রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা দায়ের ও মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই সঙ্গে নিউমার্কেট এলাকায় আগামী সপ্তাহে আবারও উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, সড়কে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। নগরবাসীকে এসব দুর্ভোগ থেকে মুক্তি দিতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। মানবিকতার দোহাই দিয়ে সড়ক ও ফুটপাত দখলের সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, আগামী সপ্তাহেই সেখানে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র্যালি ও প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে এসটিএসটি স্থানান্তর করা হয়েছে। সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণ কার্যক্রম তদারকি করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









