বগুড়ার শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার নওদাপাড়া এলাকায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এবং শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কাওছার আলীসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









