রাজধানীর নিউ মার্কেট থানাধীন শাহনেওয়াজ হল বটতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মেজবাহ জানান, শহীদ শাহনেওয়াজ হলের ১ নং গেটের সামনে দুইজন মোটরসাইকেলে এসে তার মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড ও বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত ব্যক্তির মাথা ও বগলে গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেটে এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









