ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের একটি পুকুর থেকে আমিনুল ইসলাম বাবু তালুকদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমিনুল ইসলাম বাবু তালুকদার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে।
রবিবার (২৪ মে) দুপুরে স্থানীয় রায় বাড়ির সামনের পুকুরে তার লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নলছিটি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
লাশের শরীরে বিভিন্ন অংশে কাটা-ছেঁড়ার দাগ থাকায় এটি হত্যাকাণ্ড কি না তা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত সংগ্রহের কাজ চলছে। পরিপূর্ণ তদন্ত ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









