সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও মৌসুমি ব্যবসায়ীরা।
শুক্রবার (২৯ মে) সকাল ১০টা পর্যন্ত উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে আসা চামড়া উপকূলীয় প্রেসক্লাবের সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উপজেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটছে বলে জানিয়েছেন অনেকে।
ঈদের দিন সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেন স্থানীয় ব্যবসায়ী ও এতিমখানা-মাদ্রাসার লোকজন। কিন্তু দিনভর ঘুরে আশানুরূপ ক্রেতা না পাওয়ায় অনেকের চামড়া অবিক্রিত থেকে যায়। ছাগল, গরুর চামড়া কোনো ক্রেতা না থাকায় অনেকেই মাটিতে গর্ত করে রেখে দেন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, এবার চামড়ার বাজারদর গতবছরের তুলনায় আরও কম। আড়তদাররা কমদামে চামড়া কিনতে চাইলেও পরিবহন খরচ ও লবণের দাম বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় তারা চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।
বুড়িগোয়ালিনী ফরেষ্ট জামে মসজিদের ইমাম ও বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার খতিব হাফেজ রেজাউল করিম বলেন, ‘‘সারাদিন অপেক্ষা করেও কেউ চামড়া নিতে আসেনি বা ক্রেতা নাই। পরে দুর্গন্ধ ছড়ানোর ভয়ে মাটিতে গর্ত করে রাখা হয়েছে।’’ গাবুরা চাঁদনীমুখা মাদ্রাসার সভাপতি মো. আবু একই কথা বলেন।
স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ জানান প্রতিবছর কোরবানির চামড়ার বিক্রির অর্থ দিয়ে শিক্ষার্থীদের খরচের একটি অংশ চালানো হয়। কিন্ত এবার চামড়ার দাম না থাকায় ক্ষতির মুখে পড়েছেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত আড়ত না থাকা বা ব্যবসায়ী না থাকায় চামড়ার বাজারে মন্দা প্রভাব পড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









