পটুয়াখালীর দশমিনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা সরকারি মডেল মসজিদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. মহাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোসলেম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, মউশিক কেয়ারটেকার মাওলানা আল মামুন ও ইমাম মাওলানা রেজাউল করিম। এ ছাড়া ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মউশিক শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করেন। তার শাসনামলে দেশে ৭৫ হাজার মউশিক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এসব কেন্দ্রে শিশু, বয়স্ক ও প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্ত করা হলেও মউশিক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এর আওতায় আসেনি। দশমিনায় বর্তমানে ৯৪টি মউশিক শিক্ষাকেন্দ্র চালু রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা ন্যায্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তারা আরও বলেন, মউশিক কার্যক্রম পরিচালনার প্রকল্পের মেয়াদ অষ্টমবারের মতো বাড়ানো হয়েছে। তবে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে নয়, স্থায়ী সমাধানের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের কর্মসংস্থানের নিশ্চয়তা ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।
সভায় বক্তারা ‘প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই; অবহেলা নয়, শিক্ষকের ন্যায্য মর্যাদা চাই’ স্লোগান তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চালু করা এ কার্যক্রমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানান।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








