মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকাস্থ মিরপুরে তার নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, মো. আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। এর আগে দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকার উন্নয়নে তিনি অনেক ভূমিকা রাখেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এছাড়া তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আব্দুল মতিনের ভাতিজা প্রভাষক ফরহাদ আহমদ বলেন,‘‘ঢাকার বাসায় আমার চাচা মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন। চাচার লাশ নিয়ে কুলাউড়ার উদ্দেশ্য রওনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও দুপুর ২টায় নিজ জন্মস্থান কামারকান্দি গ্রামে দ্বিতীয় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









