খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হোটেল ও একটি তেলের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও একটি ওষুধের দোকান ও পাশের একটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৩ জুন) রাত পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জালিয়াপাড়া বাজারে হঠাৎ আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী আনোয়ার হোসেনের তেলের দোকান এবং নাঈম হোটেল সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এবং সিন্দুকছড়ি সেনা জোনের মেজর শাইয়েন কাদেরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেন।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বকর জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রায় আধা ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
এদিকে, গুইমারা উপজেলায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ সর্বস্বান্ত হলেও এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার সচেতন মহলের প্রশ্ন— আর কত বড় ক্ষয়ক্ষতি হলে এবং কত মানুষ নিঃস্ব হলে গুইমারায় একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে?


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









