পটুয়াখালীর দুমকি উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের লেবুখালী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান ওই গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় মজিবর রহমান বাড়ির পশ্চিম পাশের মাঠে বেঁধে রাখা গরু আনতে যান। হঠাৎ তীব্র বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও তার আগেই ঘটনাস্থলেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









