গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির একটি শিক্ষার্থী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তরা ইউনিভার্সিটির একটি বাস প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাওনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ৩০ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শ্রীপুরের মাওনায় অবস্থিত আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং প্রায় আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









