মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মনু নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলাউড়া উপজেলা শাখা।
বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গণকিয়া এলাকার উগারছড়া গাঙের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাব্বির মোহাম্মদ রুনু, সেক্রেটারি তাওহীদুর রহমান সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, মনু নদীর বাঁধ ভেঙে পৃথিমপাশা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এমন দুর্যোগপূর্ণ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমতো দুর্গত মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে।
নেতৃবৃন্দ আরও জানান, বন্যা পরিস্থিতির ওপর তারা সার্বক্ষণিক নজর রাখছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









