কক্সবাজারে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
এর আগে সকাল ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি সরাসরি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিবেশ ও বন মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং দলীয় নেতৃবৃন্দও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
পাতলীখাল এলাকায় আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা মেয়েদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি। পাশাপাশি অসচ্ছল নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। এবারের বাজেটে সাধারণ মানুষের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেক পণ্যকে ভ্যাটমুক্ত রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, সরকারের সকল উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
এছাড়া পেকুয়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ এক শিক্ষার্থীর কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জেলা পর্যায়ের একটি জনসভায় যোগদান এবং পরে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় লং বিচ হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেওয়ারও কথা রয়েছে।
বৃক্ষরোপণ, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাতে বিমানে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম কক্সবাজার সফর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









