দৈনিক 'ইনকিলাব' পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ও 'সবার আগে বলদিয়া' টিমের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পিতা মো. সামশুল হক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাত আনুমানিক ২:৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার বিন্না কালান্তরি গ্রামের মৃত সাইজুদ্দিন মহাজনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মো. সামশুল হক দীর্ঘদিন ধরে স্ট্রোক জনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মাত্র পাঁচ মাস পূর্বে তাঁর স্ত্রীও পরলোকগমন করেন।
পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ শনিবার (১৩ জুন) নিজ গ্রামে আসর নামাযের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর এই মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বলদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলামের পিতার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর-২ সংসদীয় আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও নেছারাবাদ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং 'সবার আগে বলদিয়া' টিমের সদস্যরা পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
বিভিন্ন শোক বার্তায় নেতৃবৃন্দরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, "আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য দান করেন।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









