মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিওসি সীমান্ত এলাকায় বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। পরে আহত ব্যক্তি ও তার সহযোগী ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার রাত পৌঁনে ৯টার দিকে বড়লেখা সীমান্তের বিওসি এলাকায় নিয়মিত টহলের সময় দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে এক চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।
৫২ বিজিবি জানিয়েছে, ঘটনাটি নিয়ে গোয়েন্দা অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









