চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া তাদেরই নিকটাত্মীয় রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া তেজুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে এই চার্জশিট জমা দেন।
বুধবার আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।
তিনি বৃহস্পতিবার সকালে বলেন, “তদন্তকালে চারজন পুলিশ সদস্যসহ মোট ২২ জনের জবানবন্দি নেওয়া হয়। এছাড়া আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন, মেডিকেল রিপোর্ট, আলামত, সাক্ষ্যপ্রমাণ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মামলার তদন্ত সম্পন্ন করা হয়।”
অভিযোগপত্রে রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়াকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাসেল। হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হল।
আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়া পাড়ায় ১৩ জুন রাতে খুন হন স্থানীয় সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। পরদিন রাতে পটিয়া থেকে সুজন বড়ুয়ার চাচাত ভাই ও প্রতিবেশী রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া তেজুকে গ্রেপ্তার করে পুলিশ।
১৫ জুন সংবাদ সম্মেলনে চট্টগ্রামে পুলিশ সুপার মাসুদ আলম জানান, অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা ধার নিয়েছিলেন তেজপ্রিয়। প্রতি মাসে সুদসহ কিস্তি আকারে টাকা পরিশোধের কথা ছিল।
এ সংক্রান্ত হলফনামা সুজন বড়ুয়ার ঘরে রাখা ছিল। নিয়মিত টাকা শোধ না করায় সুজন বড়ুয়ার সঙ্গে তেজপ্রিয়র সম্পর্কের অবনতি হয়। ওই হলফনামা ছিনিয়ে নিতেই ঘটনার রাতে সুজনের বাড়িতে গিয়েছিলেন তেজপ্রিয়।
পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, “১৩ জুন রাতরাত পৌনে ১১টার দিকে বাড়ির পিছনের দরজা খুলে এনি বড়ুয়া বাইরে যাওয়ার চেষ্টা করছিল। এসময় তাৎক্ষণিক তাকে ধরে ফেলে তেজপ্রিয়। তখন এনি চিৎকার করলে তাকে এলোপাথাড়ি চাকু মারে। এনির চিৎকার শুনে প্রিয়ন্তী দৌড়ে গেলে তাকেও চাকু মারে। ভিকটিমের মোবাইল নিয়ে পালিয়ে যায়।”
পালানোর সময় সুজনের বাড়ির পেছনে ঝোপঝাড়ে চাকুটি ফেলে দেয় তেজপ্রিয়। পরে পুলিশ চাকুটি উদ্ধার করে।
মৃত্যুর আগে প্রতিবেশীদের করা মোবাইল ভিডিওতে খুনির নাম বলেছিলেন নিহত এনি বড়ুয়া। সেই ভিডিওটি তদন্তে অন্তর্ভুক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









