ময়মনসিংহের ভালুকায় একটি পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জাকির হোসেন স্থানীয় ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
গত বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার পুরুরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের আবু সাইদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জাকির হোসেন একটি পোল্ট্রি খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
জাকির হোসেনের এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মামা আশফাক আল মামুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









