বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি ঈশ্বরদী বাসটার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্লোগান দিয়ে নবঘোষিত কমিটিকে অভিনন্দন জানান।
মিছিল শেষে ঈশ্বরদী বাজারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল্লাহ্ রহমান জুয়েল (ফুল জুয়েল), পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেদুল ইসলাম রিপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান নিপা এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান রাজুসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন এই কমিটির যোগ্য নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন উদ্যমে রাজপথে কাজ করার শক্তি পাবেন। যুবদলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে এবং যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এই আনন্দ মিছিলে ঈশ্বরদী উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









